প্রিন্ট এর তারিখঃ Sep 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2026 ইং
বাউবি 'স্কুল অব ল' এর উদ্যােগে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ওয়েবিনার অনুষ্ঠিত

লিটন হোসেন লিটু, স্টাফ রিপোর্টার-ঢাকা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 'স্কুল অব ল' এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড কমিউনিটি অ্যাওয়ার্নেস ক্লাবের (সিডিসিএ) উদ্যােগে FROM LAW TO BANKING: MASTERING THE BANGLADESH BANK AD (LAW) EXAM শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়েবিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (আইন) মো. হামিদুর রহমান।
অনুষ্ঠানের সভাপতি ‘স্কুল অব ল’ এর ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসী বলেন যে, আজকের এই সেশন শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং তাদের ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। CDCA-এর এটি দ্বিতীয় সেশন এবং এই ক্লাবের কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামীতে ব্যাংকিং সেক্টরে যে সব শিক্ষার্থীরা আসতে আগ্রহী তাদের জন্য এই সেশন খুবই কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
মুখ্য আলোচক হামিদুর রহমান আলোচনার শুরুতেই বলেন যে, একজন আইনের শিক্ষার্থী জজ, এডভোকেট, বিসিএস, লিগ্যাল সেক্টরের পাশাপাশি অন্যান্য পেশায় ক্যারিয়ার গড়ার সুযোগ পায়। কোন শিক্ষার্থী যদি ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চায়, সে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (আইন) একটা বহুল প্রত্যাশিত জায়গা। এ ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে এই পদে চাকরি পাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে। পুরো সিলেবাস পড়ে শেষ করতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন অনুসরণ করতে হবে।কি কি বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।
‘স্কুল অব ল’ এর প্রভাষক এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট এণ্ড কমিউনিটি অ্যাওয়ার্নেস ক্লাবের কো-অর্ডিনেটর রিচিমনি প্রমা অনুষ্ঠানের মুখ্য আলোচক হামিদুর রহমানকে এত সুন্দর ও সাবলীল একটা সেশন উপহার দেওয়ায় ধন্যবাদ জানান। তিনি বলেন;CDCA এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করে তাদের ভবিষ্যৎ বিনির্মানে সহায়তা করা। এ সময় তিনি আগামী সেশন গুলোতে শিক্ষার্থীদের সহযোগিতা এবং ধারাবাহিক ভাবে সর্বোচ্চ উপস্হিতি কামনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থী মারিয়া কিবতিয়া। উক্ত ওয়েবিনারে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং মুখ্য আলোচক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আইন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী এই ওয়েবিনারে অংশগ্রহণ করেন।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫